ডেস্ক রিপোর্ট:
গাজীপুরের শ্রীপুরে একটি বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানে বিশৃঙ্খলার অভিযোগে বিএনপির ছয় নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার (২০ এপ্রিল) উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব ও সদস্য সচিব খাইরুল কবীর মন্ডল আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি জড়িত ছিলেন। অভিযোগ রয়েছে, তারা অনুষ্ঠানে ভাঙচুর চালান এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
দলীয় সূত্র জানায়, এ ধরনের আচরণ বিএনপির আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী হওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন—সারোয়ার আউয়াল, আ. মান্নান মাস্টার, হাসমত আলী হাসু, আরমান আলী, মাহবুব আলম ও রফিকুল ইসলাম। তাদের দলীয় সব পদ এবং প্রাথমিক সদস্যপদ বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, গত রোববার বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয় বলে অভিযোগ রয়েছে। পরে বিষয়টি ভাইরাল হলে দলের কেন্দ্রীয় নেতৃত্ব দ্রুত পদক্ষেপ নেয়।

