ওয়ান নিউজ ডেস্ক
বিশ্বকাপ শুরুর কয়েক সপ্তাহ আগে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির চোট নিয়ে দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা শিবির। সোমবার এক বিবৃতিতে তার ক্লাব ইন্টার মায়ামি জানিয়েছে, মেডিকেল পরীক্ষায় মেসির বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে পেশির ক্লান্তিজনিত সমস্যা ধরা পড়েছে।
রোববার ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে এক ম্যাচে খেলার সময় চোটের ইঙ্গিত দেন মেসি। ৬-৪ ব্যবধানে জেতা ওই ম্যাচের ৭৩তম মিনিটে তিনি হঠাৎ বাম পায়ের পেছনের অংশে অস্বস্তি অনুভব করেন এবং বদলির অনুরোধ জানান। তবে মাঠ ছাড়ার সময় তাকে স্বাভাবিকভাবে হাঁটতে দেখা যায়, যা কিছুটা স্বস্তির বিষয় হিসেবে দেখছেন সমর্থকরা।
ইন্টার মায়ামির বিবৃতিতে বলা হয়, অতিরিক্ত পরীক্ষার পর প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পেশির ক্লান্তিজনিত চাপ। তবে কবে তিনি মাঠে ফিরতে পারবেন সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময় জানানো হয়নি। তার ফিটনেস পরিস্থিতির ওপরই মাঠে ফেরার সিদ্ধান্ত নির্ভর করবে বলে জানায় ক্লাবটি।
এই অনিশ্চয়তা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে আর্জেন্টিনা দলে। কারণ আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে শিরোপা রক্ষার মিশনে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার মুখোমুখি হওয়ার কথা রয়েছে আর্জেন্টিনার।
২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই ব্যস্ত সূচির কারণে নিজের ফিটনেস নিয়ে সতর্কভাবে খেলছেন ৩৮ বছর বয়সী এই তারকা। মাঝে মাঝে তাকে বিশ্রামও দেওয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে।
২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেওয়া মেসির নেতৃত্বেই এবারও দল মাঠে নামবে বলে ধারণা করা হচ্ছে। আসন্ন আসরটি হতে পারে তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ, যা একটি নতুন রেকর্ডও গড়বে।
আগামী সপ্তাহে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা করা হবে। এর আগে প্রস্তুতি ম্যাচ হিসেবে ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে দলটি।

