ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিস সমিতির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মাহবুবুর রহমান এমিল ও ডা. মেহজাবিন মুনমুন।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিস সমিতির সভাপতি অ্যাডভোকেট মিন্টু ভৌমিক, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. হাবিবুল্লাহ ও মাহমুদ হোসেন সরকার পাশা, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. ফারুক, কোষাধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী, প্রবীণ সাংবাদিক মো. আরজু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, দিনব্যাপী এ কর্মসূচিতে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়। বিশ্ব ডায়াবেটিস দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

