বিসিবির ‘ক্যাপ্টেন্স কার্ড’: অধিনায়কদের জন্য নতুন সুবিধা

বিসিবির ‘ক্যাপ্টেন্স কার্ড’: অধিনায়কদের জন্য নতুন সুবিধা

অনলাইন ডেস্ক

দেশের ক্রিকেটে নতুন উদ্যোগ হিসেবে জাতীয় দলের সাবেক ও বর্তমান অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোট ২৭ জন অধিনায়কের জন্য এ কার্ড চালু করা হয়েছে।

গতকাল ঢাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে কার্ড প্রদান করা হয়। এতে ২০ জন সাবেক অধিনায়ক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে সকল অধিনায়ককে সম্মান জানান তামিম ইকবাল।

১৯৭১ সাল থেকে এখন পর্যন্ত যারা জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্যে প্রথম অধিনায়ক শামীম কবির ইতোমধ্যে প্রয়াত।

অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি ছয়জন সাবেক অধিনায়ক। তারা হলেন—মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুল, নাঈমুর রহমান দুর্জয় এবং খালেদ মাসুদ পাইলট।

জানা গেছে, সাকিব আল হাসান ও খালেদ মাসুদ পাইলট বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন। আরেক সাবেক সভাপতি ফারুক আহমেদ দেশে থাকলেও অনুষ্ঠানে যোগ দেননি।

ব্যক্তিগত কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি মাশরাফি বিন মুর্তজা—এ তথ্য জানান বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম। অন্যদিকে, প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় বর্তমানে কারাগারে রয়েছেন।

বিসিবি জানিয়েছে, অনুপস্থিত ছয় অধিনায়কের পরিবারের কাছে ক্যাপ্টেন্স কার্ড পৌঁছে দেওয়া হবে।

এই কার্ডের মাধ্যমে অধিনায়করা দেশের যেকোনো ক্রিকেট ভেন্যুতে খেলা দেখার সুযোগ পাবেন। পাশাপাশি কার্ড ইস্যুর দিন থেকেই তাদের জন্য স্বাস্থ্যবীমা সুবিধা চালু করা হয়েছে।

এছাড়া ভবিষ্যতে যারা জাতীয় দলের অধিনায়ক হবেন, তারাও অবসরের পর এই স্বাস্থ্যবীমা সুবিধার আওতায় যুক্ত হবেন বলে জানান রাবীদ ইমাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *