ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৯নং নাটাই দক্ষিণ ইউনিয়নের নসিংসার গ্রামের মৃত দারু মিয়ার ছেলে আব্দুল বাছির-একজন সাধারণ কৃষক। মাটি আর ঘামেই যার জীবন চলত, সেই মানুষটি আজ অসহায় হয়ে পড়েছেন কঠিন এক রোগের কাছে।
প্রায় দুই বছর ধরে তিনি গুরুতর অসুস্থতায় ভুগছেন। রোগী ও স্থানীয়রা জানান, তার দুইটি কিডনিই মারাত্মক সমস্যায় আক্রান্ত। বাঁচতে হলে নিয়মিত চিকিৎসা ও ব্যয়বহুল ওষুধের প্রয়োজন। প্রতি সপ্তাহেই তাকে নিতে হয় ইনজেকশন, যার খরচ প্রায় ২৫ হাজার টাকা। একসময় যিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী, আজ সেই মানুষটি নিজের চিকিৎসা ও সংসারের খরচ, দুটোই সামাল দিতে হিমশিম খাচ্ছেন। দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।
এই মানবিক পরিস্থিতিতে এগিয়ে এসেছে ব্রাহ্মণবাড়িয়ার সামাজিক সংগঠন “ব্রাহ্মণবাড়িয়া একতা পরিবার”। শুক্রবার রাতে বোর্ড অফিস বাজারে সংগঠনটির প্রধান কার্যালয়ে আব্দুল বাছিরের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সোহরাব, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সভাপতি গোল্জার হোসেন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ শিমুল মিয়া। তারা সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের প্রতি আহ্বান জানান, যেন সবাই এগিয়ে এসে এই অসহায় মানুষটির পাশে দাঁড়ান।
মানবিক সহায়তার জন্য (রোগীর নিজস্ব বিকাশ নম্বর): ০১৭৫৯ ৪১ ৫০ ৪৬

