ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে নিষিদ্ধ আ’লীগ নেতার নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে এ হামলায় গুরুতর আহত হয়েছেন সৌদি প্রবাসী ফোরকান মিয়া (৪০)। তিনি সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের জাঙ্গাল গ্রামের মৃত তমু মিয়ার ছেলে।
এই ঘটনায় আহত ফোরকান মিয়াকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সুলতানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আ’লীগের সাধারণ সম্পাদক লিটন মিয়ার নেতৃত্বে তার ভাই ওসমান গনিসহ কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে প্রবাসী ফোরকান মিয়ার উপর হামলা চালায়। শুক্রবার বিকেলে ঈশেননগর গ্রামের আল কাসেমিয়া মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে।
এ সময় তাদের অতর্কিত হামলায় ফোরকান মিয়া মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া নিয়ে গেলে অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ইউনিয়ন আ’লীগ নেতা লিটন মিয়া ক্ষমতার অপব্যবহার করে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল। সে এখনো তার সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। আমরা তার গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে জানতে সুলতানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক লিটন মিয়ার মুঠোফোনে কল করা হলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।
আহত প্রবাসী ফোরকান মিয়ার পরিবার বলেন, পরিকল্পিতভাবে আ’লীগ নেতা লিটন মিয়ার নেতৃত্বে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। আমরা এই ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি এবং তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

