ব্রাহ্মণবাড়িয়ায় বালুভর্তি ডাম্পার ট্রাক থেকে কোটি টাকার ভারতীয় জিরা জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বালুভর্তি ডাম্পার ট্রাক থেকে কোটি টাকার ভারতীয় জিরা জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বালুভর্তি একটি ডাম্পার ট্রাকের নিচে অভিনব কৌশলে লুকিয়ে রাখা প্রায় এক কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৪৫০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকাগামী একটি ডাম্পার ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে ট্রাকে বহন করা বালুর নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় ৬ হাজার ৪৫০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জব্দকৃত জিরা ও ডাম্পার ট্রাকের মোট সিজার মূল্য প্রায় ১ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানিয়েছে, জব্দকৃত ভারতীয় জিরাসহ ডাম্পার ট্রাকটি আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *