মিরপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারী আটক, ১০০ পিস ইয়াবা উদ্ধার

মিরপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারী আটক, ১০০ পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার মিরপুরে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৫০০ টাকাসহ মাকসুদা আক্তার রিয়া (২৪) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে মিরপুর মডেল থানাধীন সেকশন-২ এলাকার একটি বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাকসুদা আক্তার রিয়া নড়াইল সদর উপজেলার চাকুলিয়া গ্রামের রবিউল ইসলামের মেয়ে। বর্তমানে তিনি মিরপুরের সেকশন-২ এলাকায় একটি বাসায় থাকতেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।

মিরপুর মডেল থানার এজাহার সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের দায়িত্বে ছিল পুলিশের একটি দল। এ সময় গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে, মিরপুর মডেল থানার সেকশন-২, ব্লক-এইচ, রোড-১০-এর ১৬ নম্বর বাসার সামনে এক নারী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই নারী পালানোর চেষ্টা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে নারী পুলিশ সদস্যের সহায়তায় তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, তল্লাশি চালানোর সময় মাকসুদা আক্তারের হাতে থাকা একটি লাল রঙের শপিং ব্যাগ থেকে নীল রঙের এয়ারটাইট জিপার পলিথিনে রাখা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

একই শপিং ব্যাগ থেকে ইয়াবা বিক্রির নগদ ৩ হাজার ৫০০ টাকাও উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা আলামত জব্দ করা হয়।

এজাহারে আরও বলা হয়েছে, ইয়াবা নিজের হেফাজতে রাখার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে মাকসুদা আক্তার বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজের কাছে রেখেছেন বলে পুলিশকে জানান। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে ওই নারী দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছেন বলেও পুলিশ দাবি করেছে।

এ ঘটনায় মিরপুর মডেল থানায় তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *