মেসির ঝলকও বাঁচাতে পারল না, ৩-০ লিড হারিয়ে অবিশ্বাস্য হার মায়ামির

মেসির ঝলকও বাঁচাতে পারল না, ৩-০ লিড হারিয়ে অবিশ্বাস্য হার মায়ামির

স্পোর্টস ডেস্ক:
দুর্দান্ত শুরু, মেসির গোল ও অ্যাসিস্ট—সবকিছুই যেন ইন্টার মায়ামির পক্ষে ছিল। কিন্তু তিন গোলের লিড নিয়েও শেষ রক্ষা হয়নি। নাটকীয় প্রত্যাবর্তনে অরল্যান্ডো সিটির কাছে ৪-৩ ব্যবধানে হেরে গেছে লিওনেল মেসির দল।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় মায়ামি। চতুর্থ মিনিটে ইয়ান ফ্রের গোলে এগিয়ে যাওয়ার পর মেসির অনবদ্য পারফরম্যান্সে ৩৩ মিনিটের মধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। নতুন স্টেডিয়ামে প্রথম জয়ের স্বপ্ন তখন প্রায় নিশ্চিত মনে হচ্ছিল।

তবে বিরতির আগেই ম্যাচে ফেরার আভাস দেয় অরল্যান্ডো। ৩৯ মিনিটে মার্টিন ওহেদা ব্যবধান কমিয়ে আনেন। দ্বিতীয়ার্ধে পুরোপুরি বদলে যায় ম্যাচের চিত্র। ৬৮ মিনিটে আবার গোল করে ব্যবধান ৩-২ করেন ওহেদা, আর ৭৮ মিনিটে পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করে ম্যাচে সমতা ফেরান তিনি।

শেষ মুহূর্তে যোগ করা সময়ে টাইরিস স্পাইসারের গোলে ৪-৩ ব্যবধানে এগিয়ে যায় অরল্যান্ডো, যা শেষ পর্যন্ত জয় এনে দেয় তাদের। মেজর লিগ সকারের ইতিহাসে এটি তৃতীয়বার, যখন কোনো দল ৩-০ ব্যবধান থেকে ফিরে এসে জয় পেল।

এই হারে শেষ হলো মায়ামির টানা ১১ ম্যাচের অপরাজিত যাত্রা। নতুন স্টেডিয়ামে টানা চার ম্যাচ খেলেও জয়ের মুখ দেখল না দলটি। ম্যাচ শেষে হতাশা প্রকাশ করে ইয়ান ফ্রে বলেন, এমন পতন মেনে নেওয়া কঠিন।

তবে ব্যক্তিগতভাবে উজ্জ্বল ছিলেন লিওনেল মেসি। এই ম্যাচে গোল করে মায়ামির হয়ে নিজের ১০০তম ম্যাচে ৮৬তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। অন্যদিকে, দীর্ঘদিনের খারাপ ফর্ম কাটিয়ে এই জয় অরল্যান্ডোর আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *