মেহেরপুরে বজ্রপাতে কৃষক নিহত, আহত-২: তিনটি গরুর মৃত্যু

মেহেরপুরে বজ্রপাতে কৃষক নিহত, আহত-২: তিনটি গরুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরে বজ্রপাতে আব্দুর রশিদ (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। একই সঙ্গে মাঠে থাকা চারটি গরুও মারা গেছে। সোমবার (১৮ মে) বিকেল ৫টার দিকে জেলার পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ মেহেরপুর সদর উপজেলার সোনাপুর গ্রামের মৃত আবদার আলীর ছেলে। আহতরা হলেন গাংনী উপজেলার কসবা গ্রামের ডোবাপাড়া এলাকার মৃত মসলেম উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (৭০) এবং ভরাট দুর্লভপুর গ্রামের এনামুল হকের মেয়ে খাদিজা খাতুন (১৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রশিদ সদর উপজেলার সোনাপুর গ্রামের ভেদাগাড়ির মাঠে মরিচের চারা রোপন করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, গাংনী উপজেলার রবিউল ইসলাম কসবা গ্রামের চামড়ুখালি মাঠে গরু চরাচ্ছিলেন। এ সময় কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার তিনটি গরু মারা যায়।

এছাড়া বাড়িতে থাকা অবস্থায় বজ্রপাতে আহত হয় খাদিজা খাতুন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তাসমারী খাতুন জানান, আহতদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *