ওয়ান নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার (১ মে) এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দলের উদ্যোগে এই সমাবেশ আয়োজন করা হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সমাবেশে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি আশা করছে বিএনপি। নজরুল ইসলাম খান বলেন, কর্মসূচি সফল করতে দলের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে একটি নির্বাচিত সরকারের অধীনে গণতান্ত্রিক পরিবেশে মে দিবস পালনের সুযোগ তৈরি হয়েছে। এই সমাবেশ থেকে শ্রমজীবী মানুষের জন্য নতুন বার্তা ও অঙ্গীকার তুলে ধরা হবে বলেও উল্লেখ করেন তিনি।

