যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ ঢাকায় আসছে, বৃষ্টির প্রক্রিয়া চলমান

যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ ঢাকায় আসছে, বৃষ্টির প্রক্রিয়া চলমান

ওয়ান নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশের উদ্দেশে পাঠানো হয়েছে। এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই হয়ে আগামীকাল সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। একই ঘটনায় নিহত আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার প্রক্রিয়াও চলছে।

রোববার (৩ মে) বাংলাদেশ সময় ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে। দূতাবাস জানায়, স্থানীয় সময় শনিবার রাত ৮টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লিমনের মরদেহ পাঠানো হয়।

গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরদিন তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানালে বিষয়টি তদন্তে আসে। এ ঘটনায় লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়।

পরে ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। পুরো প্রক্রিয়াটি তদারকি করেন মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তারা। দূতাবাস, কনস্যুলেট, পরিবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

এদিকে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্তের বিষয়টি গত ১ মে নিশ্চিত হওয়ার পর তার মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কনস্যুলেট ও দূতাবাস যৌথভাবে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করছে বলে জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, উভয় মরদেহ দ্রুততম সময়ের মধ্যে পরিবারের কাছে হস্তান্তরের জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *