আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা আগামী সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ইরানি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
সূত্রগুলো জানায়, বৈঠকে অংশ নিতে দুই দেশের প্রতিনিধিদল রোববারের মধ্যেই ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে একই স্থানে অনুষ্ঠিত আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। তবে বর্তমান অস্থায়ী যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগেই নতুন এ বৈঠকের মাধ্যমে দীর্ঘমেয়াদি সমাধানের পথ খোঁজার চেষ্টা চালানো হবে বলে ধারণা করা হচ্ছে।
পাকিস্তানের সরকারি সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার থেকেই দুই পক্ষকে পুনরায় আলোচনায় ফেরাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর থাকায় নতুন করে সংলাপের সুযোগ তৈরি হয়েছে।
এদিকে, আসন্ন বৈঠককে কেন্দ্র করে ইসলামাবাদ ও এর আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে।
উল্লেখ্য, টানা ৪০ দিনের সংঘাতের পর গত ৮ এপ্রিল দুই দেশের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়। পরবর্তীতে ১১ এপ্রিল ইসলামাবাদে প্রায় ২১ ঘণ্টা ধরে বৈঠক হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
নতুন এই বৈঠককে সম্ভাব্য স্থায়ী শান্তিচুক্তির পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: আন্তর্জাতিক সংবাদমাধ্যম (সিএনএন)

