যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে উত্তেজনা কমাতে আলোচনায় আগ্রহী ইরান

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে উত্তেজনা কমাতে আলোচনায় আগ্রহী ইরান

ওয়ান নিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে কূটনৈতিক সমাধানের পথেই এগোতে চায় ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, যুদ্ধ বন্ধে আলোচনা ও সমঝোতার জন্য তেহরান প্রস্তুত রয়েছে। তবে জাতীয় স্বার্থ ও জনগণের অধিকারের প্রশ্নে কোনো আপস করবে না ইরান।

বুধবার (৬ মে) ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে ফোনালাপে এ অবস্থানের কথা তুলে ধরেন পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া।

ফোনালাপে যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র অবিশ্বাস প্রকাশ করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি অভিযোগ করেন, দ্বিপক্ষীয় সংলাপ চলাকালীন সময়েই ওয়াশিংটন দুই দফা হামলা চালিয়েছে, যা তিনি “পেছন থেকে ছুরি মারার” সঙ্গে তুলনা করেন।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যুদ্ধবিরতি ও আঞ্চলিক উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র ও ইরান একটি অস্থায়ী সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে। সম্ভাব্য ওই চুক্তির আওতায় ইরান সাময়িকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত রাখতে পারে।

বিনিময়ে তেহরানের ওপর আরোপিত কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে ওয়াশিংটন। এছাড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর বিদ্যমান কিছু বিধিনিষেধ শিথিলের বিষয়েও আলোচনা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনা কমাতে সম্ভাব্য এ সমঝোতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *