ওয়ান নিউজ ডেস্ক:
বর্তমান বৈশ্বিক ভূ-রাজনৈতিক বাস্তবতায় যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের পরিসর ক্রমেই সীমিত হয়ে আসছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংস্থাটির গোয়েন্দা শাখা এক বিবৃতিতে জানায়, সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি ওয়াশিংটনকে ক্রমশ কঠিন অবস্থানে ঠেলে দিচ্ছে।
রোববার (৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় আইআরজিসি উল্লেখ করে, সাম্প্রতিক কূটনৈতিক পরিবর্তনগুলো যুক্তরাষ্ট্রের জন্য নতুন চাপ তৈরি করেছে। তাদের মতে, আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন শক্তিধর দেশের অবস্থান বদলে যাওয়ায় মার্কিন প্রশাসনের কৌশলগত অবস্থান দুর্বল হয়ে পড়ছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের পক্ষ থেকে নৌ-অবরোধ প্রত্যাহারের জন্য নির্ধারিত এক মাসের সময়সীমা এবং রাশিয়া, চীন ও ইউরোপীয় দেশগুলোর কঠোর মনোভাব যুক্তরাষ্ট্রের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। ফলে বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের সামনে বিকল্প পথ সীমিত হয়ে আসছে বলে দাবি করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, এ ধরনের বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরার একটি কৌশল, যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে।

