ওয়ান নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে। সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শুক্রবার মরদেহটি বাংলাদেশগামী ফ্লাইটে তোলা হয়।
মায়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট সূত্র জানিয়েছে, দুবাই ট্রানজিট হয়ে শনিবার (৯ মে) সকালে মরদেহটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। পুরো প্রক্রিয়ায় কনস্যুলেট কর্মকর্তারা সরাসরি তদারকি করেছেন।
গত ১ মে ফ্লোরিডার টাম্পা এলাকায় নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। এরপর বাংলাদেশ দূতাবাস, মায়ামির কনস্যুলেট, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রবাসী বাংলাদেশিরা মরদেহ দ্রুত দেশে পাঠাতে সমন্বিত উদ্যোগ নেয়।
নিহত বৃষ্টির জানাজা গত বুধবার টাম্পার একটি মসজিদে অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাংলাদেশি কমিউনিটি, কূটনৈতিক প্রতিনিধি ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন।
এদিকে, নাহিদা সুলতানা বৃষ্টি এবং নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে তাদের পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধি এ সম্মাননা গ্রহণ করবেন বলে জানা গেছে।

