ওয়ান নিউজ ডেস্ক:
পটুয়াখালীর বাউফল থেকে নিখোঁজ হওয়া চার কিশোরীকে চার দিন পর গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে অপহরণের আশঙ্কা করা হলেও পরে জানা যায়, তারা স্বেচ্ছায় বাড়ি ছেড়ে গার্মেন্টসে চাকরির উদ্দেশ্যে গাজীপুরে গিয়েছিল।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া চারজনের মধ্যে তিনজন সপ্তম শ্রেণির এবং একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তারা স্থানীয় দুটি বিদ্যালয়ের ছাত্রী। গত কয়েকদিন ধরে তাদের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে গত রোববার রাতে বাউফল থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
ঘটনার পর বাউফল থানা পুলিশ বিভিন্ন এলাকায় অনুসন্ধান শুরু করে এবং বিষয়টি গাজীপুরের কালিয়াকৈর থানাকেও জানানো হয়। তদন্তের একপর্যায়ে পুলিশ জানতে পারে, কিশোরীরা গাজীপুরের মৌচাক এলাকায় অবস্থান করছে।
পরে সেখানে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরীরা একটি বাসা ভাড়া নিয়ে গার্মেন্টসে চাকরি করার পরিকল্পনা করেছিল। চাকরির জন্য জীবনবৃত্তান্ত তৈরির সময় স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি পুলিশের নজরে আসে।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আক্তার জানান, চার কিশোরী স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে গাজীপুরে আসে। তাদের বিরুদ্ধে কোনো অপহরণ বা অপরাধমূলক ঘটনার তথ্য পাওয়া যায়নি।
পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে বুধবার রাতে তাদের অভিভাবকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

