রাজনীতি থেকে দূরে সরে অভিনয়ে মন দিতে চান দেব

রাজনীতি থেকে দূরে সরে অভিনয়ে মন দিতে চান দেব

ডেস্ক রিপোর্ট:
টালিউড অভিনেতা ও সাবেক সংসদ সদস্য দেব ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে রাজনীতির চেয়ে অভিনয়জীবনেই বেশি মনোযোগ দিতে চান তিনি। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করেন এই জনপ্রিয় অভিনেতা।

বুধবার (৬ মে) দেওয়া এক পোস্টে নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে দেব আশা প্রকাশ করেন, রাজ্যের উন্নয়ন, শান্তি ও মানুষের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হবে। একই সঙ্গে বাংলা চলচ্চিত্র শিল্পে বিভাজন ও নিষেধাজ্ঞার সংস্কৃতি বন্ধের আহ্বানও জানান তিনি।

দেব বলেন, বাংলা চলচ্চিত্র শিল্পের বিকাশের জন্য পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও সৃজনশীল স্বাধীনতা জরুরি। তিনি চান, শিল্পী ও প্রযোজকরা যেন কোনো ধরনের চাপ ছাড়াই স্বাভাবিকভাবে কাজ করতে পারেন।

নিজের নির্বাচনী এলাকা ঘাটালের উন্নয়ন নিয়েও কথা বলেন এই অভিনেতা। বিশেষ করে বহু প্রতীক্ষিত ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ বাস্তবায়নে নতুন সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। তার মতে, এটি শুধু উন্নয়ন প্রকল্প নয়, বরং স্থানীয় মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ বিষয়।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, রাজনীতির সাম্প্রতিক পরিস্থিতি তাকে হতাশ করলেও চলচ্চিত্রজগত নিয়ে তিনি আশাবাদী। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এখন থেকে অভিনয় ও চলচ্চিত্র নিয়েই বেশি সময় দিতে চান।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মন্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক ভক্তই তাকে রাজনীতি থেকে দূরে থেকে সিনেমায় মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। বিশ্লেষকদের মতে, অভিনেতা হিসেবে দেব এখনও দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় এবং তার ভক্তরা মূলত পর্দার দেবকেই বেশি দেখতে চান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *