ওয়ান নিউজ ডেস্ক: দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন, জোট আলোচনা এবং একাধিক বৈঠকের পর অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। রোববার (১০ মে) চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তার শপথগ্রহণ অনুষ্ঠান।
মাত্র দুই বছর আগে গঠিত তার দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে) এবারের নির্বাচনে চমক দেখিয়ে সর্বোচ্চ আসন পেলেও এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। পরে কয়েকটি রাজনৈতিক দলের সমর্থন নিয়ে সরকার গঠনের পথ তৈরি করেন বিজয়।
রাজনৈতিক সূত্রে জানা গেছে, গত কয়েকদিনে গভর্নরের সঙ্গে একাধিক দফা বৈঠক করেন তিনি। পাশাপাশি বামপন্থি দল ও আঞ্চলিক মিত্রদের সঙ্গে জোট আলোচনা চালান। শেষ পর্যন্ত প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত হওয়ার পর গভর্নরের কাছে সরকার গঠনের দাবি জানান।
পরে গভর্নর রাজেন্দ্র আরলেকার বিজয়কে সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমতি দেন এবং নির্ধারিত সময়ের মধ্যে আস্থা ভোট নেওয়ার নির্দেশ দেন।
বিশ্লেষকদের মতে, তামিলনাড়ুর রাজনীতিতে এটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। কয়েক দশক ধরে ডিএমকে ও এআইএডিএমকের বাইরে নতুন কোনো রাজনৈতিক শক্তির উত্থান এবারই প্রথম এতটা দৃশ্যমান হলো।
অভিনয় জগতের জনপ্রিয় এই তারকার রাজনৈতিক যাত্রা নিয়ে শুরু থেকেই ব্যাপক আলোচনা ছিল। এখন মুখ্যমন্ত্রী হিসেবে তার নেতৃত্ব কতটা কার্যকর হয়, সেদিকেই নজর রাজ্যবাসীর।

