ওয়ান নিউজ ডেস্ক:
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বর্তমান রাষ্ট্রপতির বঙ্গভবনে থাকার বা সংসদে বক্তব্য দেওয়ার নৈতিক ভিত্তি নেই।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
নাহিদ ইসলাম বলেন, তিনি রাষ্ট্রপতির ভাষণ শুনেননি বা পড়েননি এবং তা প্রত্যাখ্যান করছেন। তার ভাষায়, “এই রাষ্ট্রপতির অপসারণ প্রয়োজন, তাকে গ্রেপ্তার করা উচিত”—এমন অবস্থান স্পষ্ট করেছে বিরোধী দল।
আলোচনায় তিনি রাষ্ট্রপতির অতীত ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তার অভিযোগ, দুর্নীতি দমন কমিশনে দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতি কিছু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্তে যুক্ত ছিলেন। পাশাপাশি তিনি বিভিন্ন বিতর্কিত ঘটনায় রাষ্ট্রপতির সংশ্লিষ্টতার অভিযোগও উত্থাপন করেন।
নাহিদ ইসলাম আরও বলেন, এমন একজন ব্যক্তির রাষ্ট্রপতির দায়িত্বে থাকা দেশের জন্য দুর্ভাগ্যজনক। তিনি বর্তমান রাষ্ট্রপতিকে “অযোগ্য ও অগ্রহণযোগ্য” আখ্যা দিয়ে তার পদত্যাগ দাবি করেন।
একই বক্তব্যে তিনি দেশের রাজনৈতিক বিভাজন নিয়েও মন্তব্য করেন। বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনা ও রাজনৈতিক অবস্থান নিয়ে চলমান বিভক্তি দূর করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, স্বাধীনতার এত বছর পরও জাতীয় সংসদে মুক্তিযুদ্ধভিত্তিক বিভাজন থাকা কাম্য নয়। এ ধরনের বিভক্তি দূর করে সবাইকে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে।
নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, মুক্তিযুদ্ধ দেশের ভিত্তি হলেও এর নামে অপব্যবহার বা রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টাও সমালোচনার ঊর্ধ্বে নয়। তিনি সবাইকে বিভাজনের রাজনীতি থেকে সরে এসে ঐক্যের পথে এগোনোর আহ্বান জানান।

