শাপলা চত্বরের মামলায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি আবদুল জলিল

শাপলা চত্বরের মামলায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি আবদুল জলিল

ওয়ান নিউজ ডেস্ক:
২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলায় রাজসাক্ষী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন পুলিশের সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির হয়ে তিনি এ বিষয়ে আগ্রহের কথা জানান। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে এ শুনানি অনুষ্ঠিত হয়।

এদিন তার পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী মোহাম্মদ আলী হায়দার। শুনানিতে তিনি আদালতকে জানান, আবদুল জলিল মণ্ডল মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিতে প্রস্তুত এবং রাজসাক্ষী হতে চান। একই সঙ্গে তিনি সাবেক এই পুলিশ কর্মকর্তার শারীরিক অসুস্থতার বিষয়টিও আদালতের সামনে তুলে ধরেন।

আইনজীবীর দাবি, ৬০ বছর বয়সী আবদুল জলিল দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন এবং তার হার্টে একাধিক ব্লক ধরা পড়েছে। শাপলা চত্বরের ঘটনার সময় তিনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্বে থাকলেও ঘটনার সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততা ছিল না বলেও দাবি করা হয়।

তবে শুনানি শেষে ট্রাইব্যুনাল তার জামিন আবেদন নামঞ্জুর করেন। আদালত জানান, চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদনে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে প্রতীয়মান হয়নি। এ সময় ট্রাইব্যুনাল পর্যবেক্ষণে বলেন, গুরুতর শারীরিক সমস্যার মধ্যেও অনেকেই নিয়মিত দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, আবদুল জলিল মণ্ডল পুলিশ বাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবেও দায়িত্বে ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *