শাহজালালের তৃতীয় টার্মিনাল চালুর তারিখ জানালেন বিমানমন্ত্রী

শাহজালালের তৃতীয় টার্মিনাল চালুর তারিখ জানালেন বিমানমন্ত্রী

ওয়ান নিউজ ডেস্ক:

দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। প্রাথমিক পর্যায়ে দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শনিবার (১৪ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলনকক্ষে তৃতীয় টার্মিনাল উদ্বোধন ও চালুকরণ-সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় এ নির্দেশনা দেন তিনি।

সভায় মন্ত্রী বলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে ১৬ ডিসেম্বর টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরু হবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে পূর্ণাঙ্গভাবে চালুর জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখা হবে। তিনি আরও বলেন, তৃতীয় টার্মিনাল চালু করা বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ে টার্মিনালটির কার্যক্রম শুরু নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

সভায় তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি হিসেবে ইমিগ্রেশন বুথে কার্যক্রম শুরু, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলক পরিচালনা (ট্রায়াল অপারেশন) এবং সংশ্লিষ্ট চুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া কাজের অগ্রগতি ও অবশিষ্ট প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিরা মতবিনিময় করেন।

সভায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক) গিয়াস উদ্দিন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিবসহ বেবিচক এবং জাপানি কনসোর্টিয়ামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *