নিজস্ব প্রতিবেদক:
নিজস্ব উদ্যোগের পাশাপাশি রাষ্ট্র ও সমাজের সহযোগিতায় ঢাকা-১৬ আসনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামো ও শিক্ষার পরিবেশ উন্নয়নে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আধুনিক ও আনন্দময় শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে।
বুধবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুর আদর্শ বিদ্যানিকেতন (উচ্চ বিদ্যালয়) এর দুটি নতুন ভবন, অভিভাবক ছাউনি ও স্কুল ক্লিনিকের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, ঢাকা-১৬ আসনের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিয়ে একযোগে কাজ করার চেষ্টা করছেন তিনি। কোনো প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ, কোথাও সংস্কার ও আধুনিকায়ন, কম্পিউটার ল্যাব স্থাপন কিংবা খেলার মাঠের উন্নয়ন—প্রতিটি প্রয়োজন বিবেচনায় নিয়ে ব্যক্তিগত উদ্যোগ, সামাজিক সহযোগিতা ও রাষ্ট্রীয় সহায়তায় সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে।
তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সার্বিক সুযোগ-সুবিধা দিয়ে স্বাবলম্বী করতে পারলে উপকৃত হবে দেশ, সমাজ ও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। আমরা এমন একটি আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষার্থীরা আনন্দের মধ্য দিয়ে শিক্ষা গ্রহণ করবে।’
শিক্ষার পাশাপাশি দেশের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব দিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার আগে ও পরের সঠিক ইতিহাস প্রত্যেক শিক্ষার্থীর জানা প্রয়োজন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সেই ইতিহাস যথাযথভাবে পৌঁছে দেওয়া সবার দায়িত্ব।
নিজের শৈশব ও এলাকার সঙ্গে সম্পৃক্ততার কথা তুলে ধরে তিনি বলেন, ছোটবেলা থেকেই এই এলাকায় বেড়ে ওঠা, পড়াশোনা ও খেলাধুলা করেছেন তিনি। পল্লবীর মাজেদুল ইসলাম স্কুল তাঁর নিজের শিক্ষাপ্রতিষ্ঠান। তাই এই এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নকে তিনি নিজের দায়িত্ব বলে মনে করেন।
সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে আমিনুল হক বলেন, ‘আমি একা ভালো থাকলে হবে না, যতক্ষণ না আমার পাশের মানুষটি ভালো থাকে। সমাজের প্রকৃত পরিবর্তন আনতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের মধ্যে ভিন্নমত থাকতে পারে, কিন্তু সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
তিনি আরও বলেন, দেশের মানুষ গণতন্ত্র ও নিজেদের অধিকার ফিরে পেয়েছে। তাই কোনো ধরনের বিশৃঙ্খলা কাম্য নয়। একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধশালী ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে ঢাকা-১৬ আসনে সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে আমিনুল হক বলেন, নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম ইতিমধ্যে এই আসনে শুরু হয়েছে। পর্যায়ক্রমে ২ নম্বর ওয়ার্ডের পর ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। অসহায় ও সুবিধাবঞ্চিত মা-বোনদের অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার প্রত্যাশা রয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের দায়িত্বের কথাও উল্লেখ করেন তিনি। শিক্ষার্থীরা যাতে সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে স্বাবলম্বী নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সে জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
মিরপুর আদর্শ বিদ্যানিকেতনের স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট আলী আসরাফ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্যসচিব মো. আলম মেহেদী হোসেন। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে আমিনুল হক বিদ্যালয়ের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

