ডেস্ক রিপোর্ট:
দেশে চলমান বিদ্যুৎ ঘাটতি ও জ্বালানি সংকটের প্রভাব পড়তে শুরু করেছে টেলিযোগাযোগ খাতে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো পরিচালনায় বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিয়মিত বিদ্যুৎ না থাকায় মোবাইল অপারেটরদের বেস স্টেশন, ডাটা সেন্টার ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সচল রাখতে এখন ব্যাপকভাবে জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে করে জ্বালানির ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে।
এ পরিস্থিতি নিয়ে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব) সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) লিখিতভাবে উদ্বেগ জানিয়েছে। তারা বলছে, এই সংকট কেবল দৈনন্দিন কার্যক্রমেই প্রভাব ফেলছে না, বরং দীর্ঘমেয়াদে দেশের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার স্থিতিশীলতাকেও ঝুঁকির মুখে ফেলছে।
দেশের অনেক এলাকায় প্রতিদিন কয়েক ঘণ্টা বিদ্যুৎ না থাকায় অপারেটরদের বিকল্প জ্বালানির ওপর নির্ভরতা বাড়ছে। তথ্য অনুযায়ী, মোবাইল নেটওয়ার্ক সচল রাখতে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি ব্যবহার করতে হচ্ছে, যা ব্যয়ও বাড়িয়ে দিচ্ছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে নেটওয়ার্কে বিঘ্ন, কলড্রপ, ইন্টারনেট স্লো হওয়া কিংবা আংশিক সেবা বিপর্যয়ের ঝুঁকি তৈরি হতে পারে।

