ওয়ান নিউজ ডেস্ক:
তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা আরও বেড়েছে। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারায় অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে নির্ধারিত শপথ অনুষ্ঠান আপাতত হচ্ছে না।
রাজ্যপালের দপ্তর সূত্রে জানা গেছে, বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন এখনো দেখাতে পারেননি বিজয়। ফলে শনিবার তার শপথ আয়োজনের পরিকল্পনা স্থগিত রাখা হয়েছে।
২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ সদস্যের সমর্থন। তবে বিজয়ের দল ও মিত্রদের মিলিয়ে এখন পর্যন্ত সমর্থন দাঁড়িয়েছে ১১৬ জনে।
সরকার গঠনের লক্ষ্যে কয়েকটি আঞ্চলিক দলের সমর্থন পাওয়ার চেষ্টা করলেও শেষ মুহূর্তে জটিলতা তৈরি হয়। কিছু দল শুরুতে ইতিবাচক ইঙ্গিত দিলেও পরে আনুষ্ঠানিকভাবে জানায়, তারা বিজয়ের জোটের অংশ নয়।
সম্প্রতি রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানালেও পর্যাপ্ত সমর্থনের প্রমাণ দিতে না পারায় তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানানো হয়নি।
নির্বাচনে বিজয়ের দল উল্লেখযোগ্য সংখ্যক আসনে জয় পেয়ে আলোচনায় আসে। পরে কয়েকজন স্বতন্ত্র ও বিরোধী দলের বিধায়ক সমর্থনের ঘোষণা দিলেও তা সরকার গঠনের জন্য যথেষ্ট হয়নি।
এদিকে রাজ্যের রাজনৈতিক অচলাবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, দ্রুত সমাধান না এলে তামিলনাড়ুতে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে।

