ওয়ান নিউজ ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা আজ রোববার (৩ মে) শপথ গ্রহণ করবেন। রাত ৯টায় সংসদ ভবনের পূর্ব ব্লকের শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর আগে গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের নাম গেজেট আকারে প্রকাশ করে। আসন বণ্টনের ভিত্তিতে ক্ষমতাসীন বিএনপি ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।
বিএনপি জোট থেকে নির্বাচিতদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানুসহ আরও অনেকে। অপরদিকে জামায়াত জোট থেকে নির্বাচিতদের তালিকায় আছেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহারসহ ১২ জন নারী সদস্য। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সুলতানা জেসমিন।
এদিকে সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নও সম্প্রতি বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, যা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
শপথ গ্রহণের মধ্য দিয়ে সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সদস্যরা আনুষ্ঠানিকভাবে সংসদীয় কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

