সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান প্রধানমন্ত্রীর

সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান প্রধানমন্ত্রীর

ওয়ান নিউজ ডেস্ক:

দেশের মানুষ গুম-খুন, অগ্নিসন্ত্রাস এবং ভোটাধিকার কেড়ে নেওয়ার রাজনীতিতে আর ফিরে যেতে চায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে, যাতে ভবিষ্যতে তারা বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মন্ডলেরহাটে মডেল খাল খননকাজের উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার দেশের বেকার যুবক, কৃষক ও শ্রমিকদের জন্য কাজ করার চেষ্টা করছে। কিন্তু এ সময় দেশের বিরুদ্ধে একটি গোষ্ঠী ষড়যন্ত্রে নেমেছে। এই সন্ত্রাসী গোষ্ঠীই একসময় জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৭ বছর জোর করে দেশ শাসন করেছে।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে তারা মানুষের মতপ্রকাশের স্বাধীনতা ও ভোটাধিকার কেড়ে নিয়েছিল। ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন বাংলাদেশে আর দেখতে চায় না জনগণ। যারা নিশিরাতে নির্বাচন করেছিল, তারাই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।

তারেক রহমান প্রশ্ন তুলে বলেন, ১৭ বছর ক্ষমতা দখল করে থাকার পরও তারা তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজের কাজ করেনি কেন? এ অঞ্চলে গ্যাসলাইন আনেনি কেন? ইপিজেড প্রতিষ্ঠা করেনি কেন? এসব প্রশ্ন তার নিজের পাশাপাশি স্থানীয় মানুষেরও। কারণ, দেশের মানুষ কিংবা দেশের প্রতি তাদের কোনো দরদ ছিল না।

প্রধানমন্ত্রী আরও বলেন, তারা দেশের মানুষের স্বার্থ দেখেনি। সীমান্তের ওপারে যে দেশে তারা পালিয়ে গেছে, সেটিই তাদের প্রভু। সেই প্রভুদের সন্তুষ্ট করতেই তারা আবার বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

জনসভায় উপস্থিত লোকজনের উদ্দেশে তিনি প্রশ্ন করেন, গুম-খুন, ভোটাধিকার ও মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি করার অনুমতি তাদের আবার দেওয়া হবে কি না? যদি তা না হয়, তাহলে ২০২৪ সালে যেভাবে দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হয়ে খুনি-সন্ত্রাসীদের বিতাড়িত করেছিল, একইভাবে আবারও সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও তারা অগ্নিসন্ত্রাস চালাচ্ছে। মানুষকে পুড়িয়ে ও আক্রমণ করে হত্যার রাজনীতি আবার শুরু করেছে।

দেশের মানুষ আর ভোট দখল এবং গুম-খুনের রাজনীতিতে ফিরতে চায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতা ধরে রাখতে তারা ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করেছে। তাদের হাতে প্রাণ হারিয়েছে ৬০ শিশু। যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, দেশের ও জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ব থাকতে পারে না।

‘যথেষ্ট হয়েছে, আর নয়’ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা, স্বস্তি ও দেশের অগ্রগতি চায়। দেশ ও জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। বিশেষ করে ২০২৪ সালে গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছে, তাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অগ্নিসন্ত্রাসী ও হত্যাকারীদের ঐক্যবদ্ধভাবে জবাব দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, লালমনিরহাটের মানুষ সব সময় গণতন্ত্রের পক্ষে এবং সন্ত্রাসের বিপক্ষে ছিল। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও তারা একই অবস্থানে থাকবে। সরকার দেশের শিল্প-কারখানা গড়ে তোলা ও উৎপাদন বাড়াতে চায়। পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি, মানুষের জন্য মানসম্মত শিক্ষার ব্যবস্থা এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যেও কাজ করছে।

মহেন্দ্রনগর মডেল খাল খনন শেষ হলে কৃষকেরা সেচের পানি পাবেন বলে জানান তারেক রহমান। তিনি বলেন, খালের পানি দিয়ে কৃষিকাজে সুবিধা হবে। পাশাপাশি খালের আশপাশে বসবাসকারীদের পানির সংকটও কিছুটা কমবে। খালটি সুন্দরভাবে সংস্কারের পর নির্দিষ্ট দূরত্ব পরপর অংশ ভাগ করে তরুণদের বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে তারা মাছ চাষ ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে কর্মসংস্থান ও আয়ের সুযোগ পাবেন। বিএনপি সরকার আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, কৃষকের সেচের সুবিধা নিশ্চিত করা, সাধারণ মানুষের পানির চাহিদা পূরণ এবং তরুণ-যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যেই খাল খনন করা হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার গঠন করতে পারলে দেশের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা। এ ক্ষেত্রে কে কোন দলকে ভোট দিয়েছেন, তা বিবেচনায় নেওয়া হবে না। ফ্যামিলি কার্ডের জন্য তালিকা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। ইনশাআল্লাহ, আগামী মাস থেকে কার্ড বিতরণ শুরু হবে। প্রথম পর্যায়ে অতি দরিদ্র ও দরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। এ কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারের নারী সদস্য মাস শেষে সরকারের কাছ থেকে আড়াই হাজার টাকা করে পাবেন। এ অর্থ দিয়ে তারা পরিবারের দেখভাল, সন্তানদের পড়াশোনা ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতে পারবেন।

কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন সরকারপ্রধান। তিনি বলেন, খাল খননের মাধ্যমে কৃষকদের সেচের সুবিধা দেওয়ার পাশাপাশি কৃষক কার্ড দেওয়া হবে। এর ফলে কৃষকেরা বছরে দুটি ফসল উৎপাদন করতে পারবেন এবং অন্তত একটি ফসলের জন্য সরকারের প্রয়োজনীয় সহযোগিতা পাবেন।

তারেক রহমান বলেন, মসজিদ-মাদ্রাসার ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মীয় ব্যক্তিত্বদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছিল সরকার। সে অনুযায়ী তাদের জন্য সম্মানীর ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে এ সম্মানীর পরিমাণ আরও বাড়ানো হবে। চলতি বছর দেশে ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় ব্যক্তিত্বকে সম্মানী দেওয়ার ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি বছরের শুরুতে পাঠ্যবইয়ের পাশাপাশি স্কুলের পোশাক দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। ছোট শিশুদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করা হবে। এ ছাড়া ছেলে ও মেয়ে মিলিয়ে ৭০ লাখ শিক্ষার্থীকে সরকারি উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে এ কার্যক্রম শুরু হবে।

প্রধানমন্ত্রী বলেন, অনুষ্ঠানে ত্রাণমন্ত্রী দুলু এ অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির জন্য ইপিজেড প্রতিষ্ঠার কথা বলেছেন। এ বিষয়ে সুখবর দিয়ে তিনি জানান, খুলনা থেকে রংপুর হয়ে পঞ্চগড় পর্যন্ত গ্যাসলাইন নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ গ্যাস ব্যবহার করে কলকারখানা চালানো সম্ভব হবে। গ্যাসলাইন স্থাপন করা গেলে বিনিয়োগকারীরা এ অঞ্চলসহ রংপুর বিভাগে শিল্প-কারখানা গড়ে তুলতে আগ্রহী হবেন। এতে স্থানীয় যুবকদের কর্মসংস্থানের সংকট অনেকটাই কমে আসবে।

তিনি বলেন, গত কয়েক মাসে বাংলাদেশ থেকে পাঁচ লাখ যুবক কাজের উদ্দেশ্যে বিদেশে গেছেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি মালয়েশিয়ায় আরও কর্মী পাঠানোর চেষ্টা চলছে। বিদেশে কাজ করতে যাওয়া তরুণদের যেন কম খরচে যেতে হয়, সে ব্যবস্থাও নেওয়ার উদ্যোগ রয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বৃহস্পতিবার দিনব্যাপী সফরে লালমনিরহাটে যান তারেক রহমান। সকাল সাড়ে ১০টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টার লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে।

সফরের শুরুতে তিনি প্রাইম অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধন করেন। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন ও সেখানে বক্তব্য দেন। দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এরপর লালমনিরহাট সার্কিট হাউসে বিরতি নিয়ে কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *