স্পোর্টস ডেস্ক
চট্টগ্রাম | বুধবার
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দারুণ শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয় পাওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থাকা টাইগাররা আজকের ম্যাচ জিতেই সিরিজ নিজেদের করে নিতে চায়। অন্যদিকে সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প দেখছে না সফরকারী নিউজিল্যান্ড।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ (বুধবার) অনুষ্ঠিত হচ্ছে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। প্রথম ম্যাচে জয় পাওয়া দলটি অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সংক্ষিপ্ত ফরম্যাটে পরিসংখ্যানের বিচারে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে তারা চতুর্থ স্থানে অবস্থান করছে, যেখানে তাদের রেটিং পয়েন্ট ২৪৮। অন্যদিকে বাংলাদেশ রয়েছে নিচের দিকে, তাদের সংগ্রহ ২২৪ পয়েন্ট। দুই দলের মুখোমুখি লড়াইয়েও কিউইদের আধিপত্য স্পষ্ট—২১ ম্যাচে বাংলাদেশ জিতেছে মাত্র ৫টিতে, হেরেছে ১৫টিতে, একটি ম্যাচে কোনো ফল হয়নি।
তবে বর্তমান প্রেক্ষাপটে কিছুটা ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। স্বাগতিক বাংলাদেশ তুলনামূলক অভিজ্ঞ দল নিয়ে মাঠে নামছে, যেখানে নিউজিল্যান্ড এই সফরে তুলনামূলক তরুণ ও অনভিজ্ঞ স্কোয়াড নিয়ে এসেছে। ফলে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে এগিয়ে থাকতে চায় টাইগাররা।
আজকের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশে থাকতে পারেন—লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম ও রিপন মণ্ডল।
অন্যদিকে নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ—নিক কেলি (অধিনায়ক), টিম রবিনসন, কাটেনে ক্লার্ক, ড্যান ক্লেভার, বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি বা জেডন লেনক্স, বেন লিস্টার ও ম্যাট ফিশার।
সিরিজ নির্ধারণী এই ম্যাচে দুই দলই নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

