ওয়ান নিউজ ডেস্ক:
সিলেট মহানগরীকে বন্যা ও জলাবদ্ধতার হাত থেকে রক্ষা এবং নগরীর সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে ৭ হাজার ৫০০ কোটি টাকার একটি মেগা প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) বেলা ১১টার দিকে সুরমা নদীর তীরে চাঁদনীঘাট এলাকায় প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সিলেট সফর।
সিলেট সিটি করপোরেশন সূত্র জানায়, প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন ব্যবস্থায় বড় ধরনের উন্নতি ঘটবে এবং নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে। ভৌগলিক কারণে টিলা ও নদীবেষ্টিত সিলেট নগরীর ভেতর দিয়ে প্রবাহিত ১৩টি প্রাকৃতিক ছড়া বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সুরমা নদীর পানি উল্টো শহরে ঢুকে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি করে। সাম্প্রতিক বছরগুলোর বন্যা পরিস্থিতি ও বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতেই এই প্রকল্প গ্রহণ করা হয়েছে।
প্রকল্পের আওতায় নগরীর কাজীরবাজারের বৈঠাখাল, ছড়ারপাড়ের গোয়ালীছড়া এবং বোরহানউদ্দিন এলাকার হলদিছড়ায় আধুনিক স্লুইস গেট ও উচ্চক্ষমতাসম্পন্ন পাম্প স্থাপন করা হবে। এতে নদীর পানি নগরীতে প্রবেশ রোধের পাশাপাশি বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন করা সম্ভব হবে। এছাড়া শাহপরাণ সেতু থেকে বাদাঘাট সেতু পর্যন্ত সুরমা নদীর দুই তীরের প্রায় সাড়ে ১৭ কিলোমিটার এলাকা উঁচু করা হবে এবং যেখানে তা সম্ভব নয় সেখানে ফ্লাড ওয়াল নির্মাণ করা হবে।
প্রকল্পের প্রথম ধাপে ৪ হাজার ৬৩৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে এবং বিদেশি সহায়তায় এটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। এর আগে সকালে প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং দিনের অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে আরও কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

