সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা, উগ্রবাদী সংগঠনের সন্দেহভাজন সদস্য আটক

সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা, উগ্রবাদী সংগঠনের সন্দেহভাজন সদস্য আটক

বড়লেখায় বিশেষ অভিযানে গ্রেপ্তার সাবেক সেনাসদস্য

ওয়ান নিউজ ডেস্ক:
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক সাবেক সেনাসদস্যকে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং গোপনে দেশত্যাগের চেষ্টা করছিলেন।

গ্রেপ্তার ব্যক্তি মো. রাহেদ হোসেন মাহেদ (২৩), সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) বড়লেখার দুর্গম বোবারথল এলাকার একটি টিলা থেকে তাকে আটক করা হয়। দীর্ঘ সময় ধরে পরিচালিত অভিযানে বড়লেখা থানা পুলিশের একটি দল অংশ নেয়। পরে রাতেই তাকে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, মাহেদের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া এক উগ্রবাদী সংগঠনের সদস্যের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সম্প্রতি নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছিল। সেই প্রেক্ষাপটে বিভিন্ন স্থানে নজরদারি বাড়ানো হয়।

গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মাহেদ সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছেন। এরপরই বড়লেখা থানা পুলিশ অভিযান শুরু করে। প্রায় ১২ ঘণ্টার অভিযানের পর তাকে আটক করা সম্ভব হয়।

বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তদন্তের স্বার্থে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে সিটিটিসির কাছে হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *