সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য ‘জাতির জন্য কলঙ্কজনক’: নাহিদ ইসলাম

সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য ‘জাতির জন্য কলঙ্কজনক’: নাহিদ ইসলাম

ওয়ান নিউজ ডেস্ক:

সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে বাংলাদেশিদের নির্মম হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দীন আহমদের দেওয়া সাম্প্রতিক বক্তব্যকে তীব্র আপত্তিকর ও অপমানজনক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পদে থেকে এই ধরনের মন্তব্য করা সমগ্র জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক।’

শনিবার (৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর এই অবস্থানের কড়া সমালোচনা করেন।

নাহিদ ইসলাম উল্লেখ করেন, ‘ইতিমধ্যে তিন দিন পার হয়ে গেলেও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দীন আহমদ তার বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করেননি। এমনকি সরকারের পক্ষ থেকেও এই বক্তব্যের কোনো প্রতিবাদ বা নিন্দা জানানো হয়নি। ফলে আমাদের ধরে নিতে হচ্ছে যে, স্বরাষ্ট্রমন্ত্রীর এই আপত্তিকর মন্তব্যই আসলে সীমান্ত হত্যা প্রসঙ্গে বর্তমান সরকারের আনুষ্ঠানিক দৃষ্টিভঙ্গি।’

উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেছিলেন— ‘আপনারা যেটিকে সীমান্ত হত্যা বলছেন, সেটির বিস্তারিত তথ্য জানলে খুশি হতাম। বর্ডার কিলিং কেবল তখনই বলা যায়, যখন অন্য দেশের বাহিনী আমাদের সীমানায় বা জিরো লাইনে এসে কাউকে হত্যা করে। কিন্তু কেউ যদি অপরাধের উদ্দেশ্যে কোনো দেশের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ (ইললিগ্যাল ট্রেসপাস) করে, তবে সংশ্লিষ্ট দেশের সীমান্তরক্ষী বাহিনী তাদের নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এটিকে ঢালাওভাবে সীমান্ত হত্যা বলা সংগত নয়।’ স্বরাষ্ট্রমন্ত্রীর এমন ব্যাখ্যার পরই রাজনৈতিক ও নাগরিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *