মক্কা ও মদিনায় চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন নারী-পুরুষ মিলিয়ে ১৬ জন
ওয়ান নিউজ ডেস্ক:
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের যাত্রা অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সঙ্গে হজ পালন করতে গিয়ে বিভিন্ন শারীরিক জটিলতায় ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রোববার সকালে মক্কাস্থ বাংলাদেশ হজ অফিস জানায়, মোট ১৫৪টি ফ্লাইটে ৫৯ হাজার ৭৮৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৫ হাজার ৩৩৯ জন।
তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে সবচেয়ে বেশি সংখ্যক যাত্রী সৌদি পৌঁছেছেন। এছাড়া সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাসের বিভিন্ন ফ্লাইটেও হাজারো বাংলাদেশি হজযাত্রী মক্কা ও মদিনায় গেছেন।
এদিকে সর্বশেষ শনিবার আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। নিহত ব্যক্তি ঢাকার তেজগাঁও এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তিনি অসুস্থ হয়ে মক্কায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সবমিলিয়ে এ পর্যন্ত মারা যাওয়া ১৬ জনের মধ্যে ১২ জন পুরুষ এবং ৪ জন নারী। এর মধ্যে মক্কায় ১২ জন এবং মদিনায় ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
হজ অফিস সূত্রে জানা গেছে, অধিকাংশ মৃত্যুর কারণ ছিল বয়সজনিত জটিলতা ও বিভিন্ন শারীরিক অসুস্থতা। হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ হজ মিশন সার্বক্ষণিক চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।
উল্লেখ্য, চাঁদ দেখার ওপর নির্ভর করে চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ আগামী ২৬ মে। হজ শেষে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে ৩০ মে থেকে।

