ডেস্ক রিপোর্ট:
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালীকে ঘিরে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের জন্য টেকসই হবে না এবং অঞ্চলটিতে নতুন এক কৌশলগত বাস্তবতা তৈরি হচ্ছে।
মঙ্গলবার (৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে এই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে এবং নৌ-নিরাপত্তা ও জ্বালানি পরিবহন ব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলেছে। তার মতে, এ ধরনের পদক্ষেপের প্রতিক্রিয়া শিগগিরই দৃশ্যমান হবে।
গালিবাফ আরও বলেন, বর্তমান অচলাবস্থা বজায় রাখা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নয় এবং ইরান এখনো তাদের পূর্ণ কৌশল প্রয়োগ শুরু করেনি বলে ইঙ্গিত দেন। তার এই বক্তব্যকে অনেক বিশ্লেষক সাম্প্রতিক মার্কিন উদ্যোগের জবাব হিসেবে দেখছেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি পরিকল্পনার মাধ্যমে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে। তবে ইরান এই পদক্ষেপকে নিজেদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ হিসেবে দেখছে এবং এর বিরোধিতা করছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল পরিবাহিত হয়। ফলে এই অঞ্চলে উত্তেজনা বাড়লে তা বৈশ্বিক জ্বালানি বাজার ও অর্থনীতির ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে

