আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে আবারও উত্তেজনা বেড়েছে। একদিনেই অন্তত তিনটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলো।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) ও বিভিন্ন নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, ওমানের উত্তর-পূর্বে একটি লাইবেরিয়ার পতাকাবাহী কন্টেইনার জাহাজে গুলি ও রকেটচালিত গ্রেনেড হামলা চালানো হয়। এতে জাহাজটির ব্রিজ অংশ ক্ষতিগ্রস্ত হয়।
জাহাজটির ক্যাপ্টেন দাবি করেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একটি গানবোট কাছে এসে হামলা চালায়। তবে আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, জাহাজটিকে আগেই সতর্ক করা হয়েছিল, যা উপেক্ষা করা হয়।
এর কিছু সময় পর ইরানের উপকূলের কাছে আরেকটি পানামা পতাকাবাহী জাহাজে গুলি চালানোর ঘটনা ঘটে। তবে এতে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং নাবিকরা নিরাপদ রয়েছেন।
এছাড়া তৃতীয় একটি লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজও একই এলাকায় গুলিবর্ষণের মুখে পড়ে। সেটিও বড় ধরনের ক্ষতির শিকার না হলেও মাঝপথে থেমে যেতে বাধ্য হয়।
সাম্প্রতিক সময়ে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধের প্রতিবাদে প্রণালিতে কড়াকড়ি আরোপ করেছে তেহরান। এর জেরেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, বিশ্ব তেল ও এলএনজি সরবরাহের বড় একটি অংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। তাই এখানে অস্থিরতা তৈরি হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা থাকে।
সূত্র: রয়টার্স

