ওয়ান নিউজ ডেস্ক:
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থী ও সংগঠনটির নেতাকর্মীরা।
প্রথমে মানববন্ধন এবং পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন হাদির বোন মাসুমা হাদি, মো. বেলাল, আল ইমরান, ইফতেখার সায়েমসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. ফরহাদ হোসাইন।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হাদি হত্যাকাণ্ডের তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। প্রকৃত হত্যাকারীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তারও অভিযোগ তোলেন তারা। দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ইফতেখার সায়েম বলেন, “আধিপত্যবাদবিরোধী নেতা হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। মানুষ তার জানাজায় অংশ নিয়ে বিচার দাবি করেছে, কিন্তু এখনো বিচার হয়নি।”
তিনি আরও বলেন, “বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে সাধারণ মানুষের আস্থা নষ্ট হবে। আমরা এ সংস্কৃতির অবসান চাই।”
মানববন্ধনে আবেগঘন বক্তব্য দেন হাদির বোন মাসুমা হাদি। তিনি বলেন, “আমরা কাঁদতে আসিনি, আমরা বিচার চাইতে এসেছি। বিচার নিয়েই ঘরে ফিরতে চাই।”
তিনি অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পর খুনিরা দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং এ বিষয়ে রাষ্ট্রকে স্পষ্ট জবাব দিতে হবে। একইসঙ্গে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকাও সমালোচনা করেন তিনি।

