হাম প্রতিরোধে ঘরে ঘরে খুঁজে বের করা হবে টিকাবঞ্চিত শিশু

হাম প্রতিরোধে ঘরে ঘরে খুঁজে বের করা হবে টিকাবঞ্চিত শিশু

ওয়ান নিউজ ডেস্ক: দেশে হাম পরিস্থিতি মোকাবিলায় সরকার এখন টিকাদান কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, যেসব শিশু এখনো হামের টিকা পায়নি, তাদের শনাক্ত করে দ্রুত টিকার আওতায় আনা হবে।

বুধবার (১৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, হামের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা হলো টিকা। এজন্য বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারণা ও মাইকিং কার্যক্রম চালানো হচ্ছে। যেসব শিশু এখনো টিকা নেয়নি, তাদের খুঁজে বের করে দ্রুত টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, টিকা নেওয়ার পর শরীরে প্রতিরোধক্ষমতা তৈরি হতে কিছুটা সময় লাগে। তাই জনগণকে ধৈর্য ধরতে হবে এবং গুজব বা বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকতে হবে।

মন্ত্রী আরও বলেন, হাম পরিস্থিতি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ঘাটতি নেই। হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা, আইসিইউ সুবিধা এবং চিকিৎসকরা প্রস্তুত রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

হামের টিকা সংকট নিয়ে তদন্ত হবে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে সরকারের মূল লক্ষ্য সংকট মোকাবিলা করা। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, ডেঙ্গুর ক্ষেত্রে টিকার চেয়ে সচেতনতা ও পরিচ্ছন্নতা বেশি গুরুত্বপূর্ণ। এ জন্য জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা প্রস্তুতিও রাখা হয়েছে। রোগীর চাপ বাড়লে যাতে কাউকে চিকিৎসার বাইরে থাকতে না হয়, সে ব্যবস্থাও করা হয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান দেয় চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন। এ সময় চীনা দূতাবাস ও সিনোভ্যাকের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *