ডেস্ক রিপোর্ট:
দেশে হাম প্রতিরোধে পরিচালিত টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে ২৬ লাখের বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, ৫ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত মোট ২৬ লাখ ৫০ হাজারের বেশি শিশুকে হামের টিকা প্রদান করা হয়েছে। এ কর্মসূচির লক্ষ্য রয়েছে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকার আওতায় আনা।
এ সময় তিনি সরকারের খাল পুনঃখনন কার্যক্রমের অগ্রগতির কথাও তুলে ধরেন। জানানো হয়, মোট ১ হাজার ২৬০ কিলোমিটার খাল খননের পরিকল্পনার মধ্যে এখন পর্যন্ত ৫৬১ কিলোমিটার কাজ সম্পন্ন হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার প্রায় ৪৪ শতাংশ।
উপদেষ্টা আরও বলেন, ভবিষ্যতে আঞ্চলিক পর্যায়ে বাংলা নববর্ষ উদযাপনের সম্ভাবনা নিয়ে সরকার ভাবছে। এ বিষয়ে মিয়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম এবং ভারতের কিছু অঞ্চলের সঙ্গে যোগাযোগের পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, এবারের পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পাঁচ দিনব্যাপী উৎসব আয়োজন করে, যা ব্যাপক সাড়া ফেলেছে। অতীতে যেসব শঙ্কা তৈরি হয়েছিল, তা বাস্তবে দেখা যায়নি এবং উৎসবটি ছিল প্রাণবন্ত ও বর্ণাঢ্য।
সরকার ভবিষ্যতে বৈশাখী আয়োজনকে আরও পরিকল্পিতভাবে এবং পুরো মাসজুড়ে বিস্তৃত করার উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।

