ওয়ান নিউজ ডেস্ক: দেশে হামের সংক্রমণ পরিস্থিতিকে বড় ধরনের স্বাস্থ্য সংকট হিসেবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, এই মুহূর্তে সরকারের প্রধান লক্ষ্য শিশুদের সুরক্ষা নিশ্চিত করা। কারা অব্যবস্থাপনার জন্য দায়ী, তা পরে তদন্ত করা হবে।
বুধবার (১৩ মে) সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন সরকারের কাছে পোলিও ভ্যাকসিন হস্তান্তর করে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা এখন সংকট মোকাবিলার পর্যায়ে আছি। আগে শিশুদের নিরাপদ রাখতে হবে। পরে খতিয়ে দেখা হবে কোথায় কী ভুল হয়েছে।”
তিনি জানান, দেশে এখন নিয়মিত টিকাদান কার্যক্রম চালু রয়েছে এবং যেসব শিশু এখনো টিকার বাইরে রয়েছে, তাদের খুঁজে বের করে টিকা দেওয়া হবে। সরকার ইতোমধ্যে বেশিরভাগ জেলায় হামের টিকাদান সম্পন্ন করেছে বলেও দাবি করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, হামের পর অনেক শিশুর নিউমোনিয়ার মতো জটিলতা দেখা দিচ্ছে। এজন্য হাসপাতালগুলোতে আইসিইউ ও ভেন্টিলেশন সুবিধা বাড়ানো হয়েছে। নতুন করে আরও ভেন্টিলেটর যুক্ত করা হচ্ছে।
একই অনুষ্ঠানে তিনি জানান, আগামী জুনের মধ্যে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ কার্যক্রমও শুরু হবে। এছাড়া অ্যান্টিরেবিস টিকাদান কার্যক্রমও জোরদার করা হচ্ছে।
সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের প্রায় ৯৮ শতাংশ শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে। তবুও সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে উদ্বেগ রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “টিকা ছাড়া হামের কার্যকর চিকিৎসা নেই। তাই প্রতিটি শিশুকে টিকার আওতায় আনাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।”
অনুষ্ঠানে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক সরকারের টিকাদান কর্মসূচির জন্য প্রায় ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান দেয়। এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

