হুথিদের অস্ত্রভাণ্ডারে সরকারি বাহিনীর বিমান হামলা

হুথিদের অস্ত্রভাণ্ডারে সরকারি বাহিনীর বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হুথি বিদ্রোহীদের একটি অস্ত্রের গুদামে বিমান হামলা চালিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী। তবে এ হামলায় হতাহতের কোনও তথ্য এখনও জানা যায়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সরকারি বাহিনীর ভাষ্য অনুযায়ী, অবরুদ্ধ শহর তাইজের দক্ষিণে নাজদ কাসিম এলাকায় হুথিদের অস্ত্রের গুদাম লক্ষ্য করে হামলাটি চালানো হয়। এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি হুথি বিদ্রোহীরা। সাম্প্রতিক সময়ে যুদ্ধক্ষেত্রে কিছু সাফল্য পেলেও সৌদি আরবের সমর্থনপুষ্ট সরকারি বাহিনী ইয়েমেন ও সৌদি ভূখণ্ডে হুথিদের হামলা বন্ধ করতে পারেনি।

এদিকে ইয়েমেনে সংঘাতের কারণে হতাহতের সংখ্যা বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, ৮ নভেম্বর পর্যন্ত দেশটিতে সংঘাতে মোট হতাহত হয়েছেন ১১ হাজার ৭৫৫ জন। তাদের মধ্যে নিহত ২ হাজার ৯৮ জন এবং আহত ৯ হাজার ৬৫৭ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *