ডেস্ক রিপোর্ট:
চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি উৎপাদন কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও অন্তত ৬০ জনের বেশি। সোমবার (৪ মে) বিকেলে লিউইয়াং শহরের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
বিস্ফোরণের পরপরই নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের আশপাশের প্রায় তিন কিলোমিটার এলাকা খালি করে ফেলা হয়। উদ্ধার কাজে প্রায় ৫০০ কর্মী অংশ নেন এবং ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে বের করতে আধুনিক প্রযুক্তি, এমনকি রোবটও ব্যবহার করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানার ভেতরে থাকা দাহ্য পদার্থের কারণে উদ্ধারকাজে বাড়তি ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে গানপাউডার সংরক্ষিত গুদামগুলো থেকে দ্বিতীয়বার বিস্ফোরণের আশঙ্কা থাকায় সতর্কতার সঙ্গে অভিযান চালানো হয়। ঝুঁকি কমাতে এলাকায় পানি ছিটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।
বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বসতবাড়িতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক ভবনের জানালার কাচ ভেঙে যায় এবং দরজা-জানালার কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। আহতদের বেশিরভাগই ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। সংশ্লিষ্ট কারখানার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন।
বিশ্বের অন্যতম আতশবাজি উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত লিউইয়াং শহরে এ ধরনের দুর্ঘটনা নতুন নয়। এর আগে চলতি বছরের শুরুতেও অন্য একটি প্রদেশে একই ধরনের বিস্ফোরণে প্রাণহানির ঘটনা ঘটেছিল।

