ওয়ান নিউজ ডেস্ক: দেশের স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি ও চিকিৎসাসেবা নিশ্চিতে চলতি অর্থবছরেই অন্তত ২০টি জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। রবিবার (৪ অক্টোবর) ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (আইইউবি) অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘বাংলাদেশ অক্সিজেন সামিট’-এর সমাপনী ও উচ্চপর্যায়ের নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। বিগত বছরগুলোর অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতা দূর করার লক্ষ্যে ইতোমধ্যে মন্ত্রণালয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ল্যানসেট কমিশনের সুপারিশ অনুযায়ী ‘অক্সিজেন অ্যাকসেস স্কোরকার্ড’ অর্জনের পাশাপাশি ২০২৬-২০৩০ সালের জন্য একটি কার্যকর ‘ন্যাশনাল অক্সিজেন রোডম্যাপ’ প্রণয়নে সরকার নিবিড়ভাবে কাজ করছে। এছাড়া স্বাস্থ্য প্রতিমন্ত্রী চিকিৎসা পাঠ্যক্রমে অক্সিজেন থেরাপির ব্যবহারিক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করার জন্য বিএমডিসি ও নার্সিং কাউন্সিলের প্রতি আহ্বান জানান এবং প্রান্তিক জনগোষ্ঠী ও প্রতিবন্ধী শিশুদের চিকিৎসায় নিরবচ্ছিন্ন অক্সিজেন নিশ্চিতের ওপর বিশেষ জোর দেন। দেশে সুনির্দিষ্ট নীতিমালার অভাবে যেকোনো সাধারণ গাড়িতে বাতি জ্বালিয়ে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহারের প্রবণতা বন্ধ করতে এবং কার্যকর অক্সিজেন সরবরাহ ব্যবস্থাসহ আধুনিক ও মানসম্পন্ন অ্যাম্বুলেন্স সার্ভিস নিশ্চিতে সরকার আইনি কাঠামো ও স্ট্যান্ডার্ডাইজেশন নিয়ে কাজ শুরু করেছে বলেও উল্লেখ করেন ড. মুহিত।

