২৪ এপ্রিল থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা নিষিদ্ধ, চলবে জুলাইয়ের শেষ পর্যন্ত

২৪ এপ্রিল থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা নিষিদ্ধ, চলবে জুলাইয়ের শেষ পর্যন্ত

ডেস্ক রিপোর্ট:

মাছের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে কাপ্তাই হ্রদে মাছ আহরণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ২৪ এপ্রিল দিবাগত মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং তা ৩১ জুলাই পর্যন্ত বহাল থাকবে।

সোমবার (২০ এপ্রিল) রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্ধারিত সময়ের মধ্যে হ্রদে মাছ ধরা, পরিবহন এবং বাজারজাতকরণ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। তবে নিষেধাজ্ঞা কার্যকরের পরদিন ২৫ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত পূর্বে ধরা মাছ নির্ধারিত ঘাটে নামানোর সুযোগ রাখা হয়েছে।

প্রশাসন জানায়, ২ মে থেকে হ্রদে নতুন করে মাছের পোনা অবমুক্ত করা শুরু হবে, যাতে প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন বৃদ্ধি পায়।

নিষেধাজ্ঞা কার্যকর রাখতে নৌ-পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীর টহল জোরদার করা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, এ নির্দেশ অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, নিষেধাজ্ঞার সময় জেলে পরিবারগুলোর সহায়তায় সরকার বিশেষ কর্মসূচি নিয়েছে। রাঙামাটি ও খাগড়াছড়ির প্রায় ২৬ হাজারের বেশি জেলে পরিবারকে দুই মাসে প্রতি পরিবারে ৪০ কেজি করে চাল দেওয়া হবে। এছাড়া পরিবহন খরচ হিসেবে আর্থিক সহায়তাও প্রদান করা হবে।

সরকারের এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে, নিষেধাজ্ঞার সময় জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের জীবিকা সচল রাখতে সহায়তা করা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *