ওয়ান নিউজ ডেস্ক: জুলাই গণহত্যার বিচার, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বেশ কয়েকটি দাবিতে আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ১১ দলীয় ঐক্য। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের এক গুরুত্বপূর্ণ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এ কথা জানান। তিনি বলেন, এর আগে চট্টগ্রাম ও উত্তরাঞ্চলে সফল লংমার্চের পর আগামী ৩১ অক্টোবর সকাল ৭টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে তৃতীয় ধাপের এই লংমার্চ শুরু হবে, যা বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে কুষ্টিয়ায় গিয়ে শেষ হবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতার আশ্বাস পেলেও কোনো মহল থেকে বাধা সৃষ্টির চেষ্টা হলে তা যেকোনো মূল্যে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি নির্বাচন কমিশনের সচিব পদে দলীয় নিয়োগের অভিযোগ তুলে নিরপেক্ষতা বজায় রাখার তাগিদ দিয়ে মাওলানা মামুনুল হক বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় প্রয়োজনে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এছাড়া আইজিপির ক্রসফায়ার ফেরানোর বক্তব্যকে উদ্বেগজনক আখ্যা দিয়ে এবং প্রধানমন্ত্রীর সাম্প্রতিক রাষ্ট্রীয় সফরে অপ্রাসঙ্গিক ব্যক্তিদের অন্তর্ভুক্তির সমালোচনা করে সরকারকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

