ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময় ১ ঘণ্টা সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সকালে আধা ঘণ্টা এবং বিকালে আধা ঘণ্টা করে মোট এক ঘণ্টা সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।
রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ১০তম কমিশন সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আমাদের যেহেতু দুটো নির্বাচন একসঙ্গে অনুষ্ঠান করতে হচ্ছে— জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট; এটার সময় ম্যানেজমেন্ট নিয়ে…। আপনারা জানেন আমরা একটা মক ভোটিং করেছিলাম। সেইটার অভিজ্ঞতা এবং মাঠ পর্যায়ে যারা ইতোপূর্বে ভোট অনুষ্ঠান করেছেন তাদের অভিজ্ঞতা আলোচনা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা ভোটের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি—সকালে আধা ঘণ্টা এবং বিকালে আধা ঘণ্টা। অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল সাড়ে সাতটায় এবং চলবে বিকাল সাড়ে চারটা পর্যন্ত।’
