খালেদা জিয়ার অন্তিম যাত্রায় সংসদ ভবন এলাকা জনসমুদ্র

খালেদা জিয়ার অন্তিম যাত্রায় সংসদ ভবন এলাকা জনসমুদ্র

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এবং তার অন্তিম যাত্রায় যোগ দিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবন এলাকা রূপ নিয়েছে জনসমুদ্রে। দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষও কালো পোশাক ও ব্যাজ পরে, পতাকা হাতে খালেদা জিয়ার জানাজাস্থলে জড়ো হচ্ছেন।

বুধবার বেলা ১২টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা ঘুরে দেখা গেছে, বিপুল সংখ্যক মানুষ পায়ে হেঁটে এখানে আসছেন।

এর আগে গুলশানে তারেক রহমানের বাসা থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং অন্যতম রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ি মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছেছে।

তাকে শেষবারের মতো বিদায় জানাতে অজস্র মানুষ ইতোমধ্যে এই এলাকায় জড়ো হয়েছেন। আজ দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউসহ পুরো এলাকা জুড়ে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে বেলা সাড়ে তিনটা নাগাদ খালেদা জিয়াকে তার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

সকাল নয়টার একটু আগে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে তার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে তার ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হয়। সেখানে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান খালেদা জিয়ার স্বজন ও বিএনপি’র নেতা কর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *