ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়ক দুর্ঘটনায় রিয়াজুল ইসলাম (৩২) নামের এক কারারক্ষীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার কুটি–চৌমুহনী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে রিয়াজুল মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়া শহর হয়ে নিজ বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার শশীদল গ্রামে উদ্দেশে যাচ্ছিল। এ সময় কসবার কুটি–চৌমুহনী সড়কে রিয়াজুল ইসলামের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রিয়াজুল ইসলাম দিনাজপুর জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ছুটিতে বাড়িতে এসেছিলেন। সে ব্রাহ্মণপাড়া থানার শশীদল গ্রামের মামুনুল হকের ছেলে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। জেলা সদর হাসপাতাল মর্গে মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে
