ওয়ান নিউজ ডেস্ক: ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সুন্দর দেশ গড়তে পরিবেশ ও বন সংরক্ষণে সরকারি কর্মকর্তাদের কেবল রুটিন কাজের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাড়তি উদ্যোগ নেওয়ার পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক পর্যালোচনা বৈঠকে তিনি এই আহ্বান জানান। বিশ্বে বায়ুদূষণে ঢাকার শীর্ষস্থান দখলের ঘটনাকে লজ্জাজনক আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী পরিস্থিতি উত্তরণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার নির্দেশ দেন। একই সঙ্গে নাগরিকদের প্রকৃতির কাছাকাছি যাওয়ার সুযোগ বাড়ানো এবং ভবন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাদবাগানে উৎসাহিত করার ওপর জোর দেন তিনি। সভায় আগামী ছয় মাসের মধ্যে দেশের ‘মাদার ট্রি’ বা মাতৃবৃক্ষগুলো চিহ্নিত করে সংরক্ষণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ২৫ কোটি গাছ লাগানোর বিশাল পরিকল্পনার কথা উল্লেখ করে রোপণকৃত চারার সঠিক পরিচর্যা, নিবিড় তদারকি এবং পার্বত্য চট্টগ্রাম এলাকায় বনায়ন বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি অন্যান্য মন্ত্রণালয় যদি নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে কম বৃক্ষরোপণ করে, তবে সেই ঘাটতি মেটাতে পরিবেশ মন্ত্রণালয়কে বাড়তি উদ্যোগ নেওয়ার নির্দেশনাও দেন সরকারপ্রধান। পরিবেশ ও বনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ এবং ভারপ্রাপ্ত সচিব ফাহমিদা খানমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক প্রচারণার জন্য আলাদা পরিকল্পনা গ্রহণের বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়।

