ওয়ান নিউজ ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে সংসদ সচিবালয়। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র বলেন, আইন অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের তিন কার্যদিবসের মধ্যে সংসদ সচিবালয়ে থেকে সংরক্ষিত নারী আসনের ভোটার তালিকা নির্বাচন কমিশনে পাঠাতে হয়। তারা ২৯৬ জনের একটি তালিকা দিয়েছে। এখন আমরা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।
নারী আসনের নির্বাচনের আইন অনুযায়ী, জাতীয় সংসদে বিএনপি ৩৪ দশমিক ৬৬ আসন বা ৩৫টি আসন পাবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ দশমিক ৩৩ শতাংশ বা ১১টি আসন পাবে। স্বতন্ত্র প্রার্থীরা ১ দশমিক ১৬ শতাংশ বা একটি আসন পাবে (যদি জোট করে)। জাতীয় নাগরিক পার্টি পাবে একটি আসন। অন্য ছোট দলগুলো নিজেদের মধ্যে জোট না করলে কোনও আসন পাবে না। তবে জোট করলে পাবে একটি আসন। এ ক্ষেত্রে বিএনপির আরও একটি আসন বেড়ে দাঁড়াবে ৩৬টি। আবার জোটগতভাবে যদি নির্বাচন করে তাহলে বিএনপি ৩৫টি আসনই পাবে। তবে জামায়াতের দুটি আসন বৃদ্ধি পেয়ে ১৩টি হবে।
নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, সংরক্ষিত নারী আসনের ভোট ইতোমধ্যেই শুরুই হয়ে গেছে। কারণ এটা মূলত যারা সংসদের প্রতিনিধিত্বকারী দল তাদেরই নির্বাচন। তারা যাদের মনোনীত করবেন, আমরা মূলত ধরে নিতে পারি ওইটাই নির্বাচন। তারা বোধহয় ইতোমধ্যে শুরু করে দিয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে শপথের থেকে ৯০ দিনের মধ্যে এটা করার কথা এবং সেটা ইনশল্লাহ করবো।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। একইদিন অনুষ্ঠিত হয় গণভোটও। অনুষ্ঠিত হয়ে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টিসহ ৫০টি দল। তবে এই ৫০টির মধ্যে জয়ের মুখ দেখেছে কেবল ৯টি দল। জাতীয় পার্টিসহ ৪১টি দল জয় পায়নি।

