ডেস্ক রিপোর্ট:
রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। বুধবার (২২ এপ্রিল) প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে স্কাউট নেতারা প্রধানমন্ত্রীর গলায় সংগঠনের ঐতিহ্যবাহী স্কার্ফ পরিয়ে দেন। এ সময় তিনি সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্কাউট কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।
পরবর্তীতে অনুষ্ঠিত বৈঠকে দেশের স্কাউটিং কার্যক্রমের অগ্রগতি, প্রশিক্ষণ ব্যবস্থার আধুনিকায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। তরুণদের নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে স্কাউট কার্যক্রম আরও বিস্তারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন নেতারা।
প্রধানমন্ত্রী বলেন, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক তৈরিতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি প্রশিক্ষণে প্রযুক্তির ব্যবহার বাড়ানো, পরিবেশ রক্ষা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় স্কাউটদের আরও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় মন্ত্রিপরিষদ বিভাগ এবং বাংলাদেশ স্কাউটসের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

