বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা সহজ করার উদ্যোগ, আশ্বাস দিল ভারত

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা সহজ করার উদ্যোগ, আশ্বাস দিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া আরও সহজ ও সুবিধাজনক করার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা জানিয়েছেন, স্বল্প ব্যয়ে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের রিদম গ্রুপ ও ভারতের মণিপাল হসপিটালের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তির মাধ্যমে চিকিৎসা পর্যটন সহজ হবে এবং বাংলাদেশি রোগীরা ভারতে উন্নত চিকিৎসা নিতে আরও বেশি সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

প্রণয় কুমার ভার্মা বলেন, বাংলাদেশে স্বাস্থ্যখাতের উন্নয়নে যৌথভাবে কাজ করতে আগ্রহী ভারত। পাশাপাশি মেডিকেল ট্যুরিজম খাতকে আরও সুসংগঠিত করতে দুই দেশের বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, এই উদ্যোগ শুধু বাণিজ্যিক নয়, বরং মানুষের কল্যাণে দুই দেশের সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। এর মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রে জ্ঞান বিনিময় ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব বাড়বে।

এদিকে, সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরের সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশিদের জন্য বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়ী ভিসা সহজ করার আশ্বাস দিয়েছেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, অগ্রাধিকার ভিত্তিতে দ্রুতই চিকিৎসা ভিসা চালু বা সম্প্রসারণ করা হতে পারে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম সীমিত করা হয়েছিল, যা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *